কওমিকণ্ঠ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারী বিশ্ববিদ্যালয় (শাখা-১)-এর বিগত ১৩ এপ্রিল ২০১৭ খ্রিস্টাব্দের প্রজ্ঞাপনের আলোকে ১৬/৪/২০১৭ মোতাবেক ১৮/৭/১৪৩৮ হিজরী রোজ রবিবার সকাল ১১টায় কওমি মাদরাসার সনদের মান বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠক কমিটির চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে সর্বসম্মতিক্রমে পরীক্ষা ও সনদের জন্য “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ” নাম নির্ধারণ করা হয় এবং অভিন্ন প্রশ্নপত্রে একই সাথে সকল কওমি বোর্ডের আওতাধীন মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। আরো সিদ্ধান্ত হয় প্রজ্ঞাপনে উল্লিখিত ৬ বোর্ডের নিবন্ধিত দাওরায়ে হাদীসের মাদরাসাসমূহ “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ” এ নিবন্ধিত বলে গণ্য হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদনের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয় এবং ৯২ আরামবাগ, আল খালিফ টাওয়ার, মতিঝিল, ঢাকা-১০০০ এ “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ” এর অফিস নেয়া হয়।
“আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ” এর অধীনে ও তত্ত্বাবধানে নিবন্ধিত কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদীসের পরীক্ষা আগামীকাল ১৫ মে থেকে শুরু হচ্ছে এবং ২৫ মে শেষ হবে।
পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারা দেশকে ২৯টি জোনে বিভক্ত করা হয়। মোট ২১৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয় ১০ টি। মোট নম্বর ১০০০ (এক হাজার)। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৯,৪৭২।
প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং ১২.৩০ মিনিটে শেষ হবে। গত ১৩/৫/২০১৭ তারিখে “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ” এর কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী সাহেব পরীক্ষার প্রশ্নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের সহায়তায় প্রতিটি জোনে পাঠানোর কাজ উদ্বোধন করেন। সূত্র. ইনসাফ২৪.কম




0 মন্তব্য করেছেন:
Post a Comment